কলমাকান্দায় পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে জুবায়ের মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকালে বাড়ির পাশে বন্যার পানি থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

পরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত জুবায়ের উপজেলার কৈলাটি ইউনিয়নের রানীগাঁও গ্রামের দিনমজুর মজিবুর মিয়ার ছেলে। দুপুর থেকে নিখোঁজ ছিল সে।

নিহত শিশুর চাচা ছোবাহান জানান, দুপুরে বাড়ির পাশে খেলার সময় নিখোঁজ হয় জুবায়ের। বিকেলে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হলে বাড়ির পাশে বন্যার পানিতে তার মরদেহ ভাসতে দেখেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম পানিতে ডুবে জুবায়েরের মৃতুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।