সিংহ পরিবারে নতুন সদস্য বঙ্গবন্ধু সাফারি পার্ক

জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহ পরিবারে এসেছে এক নতুন সদস্য। সম্প্রতি সিংহ বেষ্টনীতে এ শাবক জন্ম নেওয়ায় এখন পার্কে সিংহ সংখ্যা দাঁড়িয়েছে ১৫-তে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান দেশ রূপান্তরকে বলেন, গত ৪ মে শাবকের জন্ম হলেও চরিত্রগত বৈশিষ্ট্যের কারণে সিংহী শাবকটি লুকিয়ে রাখে। গত শনিবার প্রকাশ্যে শাবকসহ মাকে পার্কের বেষ্টনীর মধ্যে ঘোরাফেরা করতে দেখা যায়। পার্কের বন্যপ্রাণী পরিদর্শক সারোয়ার হোসেন খান জানান, সিংহ শাবকের জন্মের সময় সাধারণত চোখ ফোটে না। চোখ ফুটতে ৩ থেকে ১১ দিন লাগে। জন্মের সময় এদের ওজন ১-৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। এসময় সিংহী শাবককে জঙ্গলের আড়ালে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখে এবং সেখানে অন্য সঙ্গীদের যেতে দেয় না। তিনি বলেন, শাবকরা ১০-১৫ দিনে হাঁটতে শেখে। ৪-৫ মাস বয়স থেকে মায়ের দুধের পাশাপাশি অন্য খাবার খাওয়া শেখানো হয়। এরা প্রায় দুই বছর পর্যন্ত মায়ের কাছাকাছি থাকে। এদের প্রধান খাদ্য গোমাংস।