সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী

নদী দূষণ ও দখল রোধে মাস্টারপ্ল্যান প্রস্তুত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রামের কর্ণফুলী ও ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ, দখল রোধে এবং নাব্য বৃদ্ধির লক্ষ্যে কারিগরি সাব কমিটির মাধ্যমে দুটি খসড়া মাস্টারপ্ল্যান মূল কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, খসড়া মাস্টারপ্ল্যান দুটি প্রধানমন্ত্রী গত ১২ জুলাই অনুমোদন করেছেন। তিনি কালক্ষেপণ না করে এই মাস্টারপ্ল্যান অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলো এ মাস্টারপ্ল্যান অনুযায়ী নিজ নিজ কার্যক্রম শুরু করবে। প্রণীত দুটি মাস্টারপ্ল্যান অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবকে আহ্বায়ক করে দ্রুত একটি কমিটি গঠন করা হবে।

তাজুল ইসলাম বলেন, ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ ও দখল রোধে এবং নাব্য বৃদ্ধির বিষয়ে প্রণীত মাস্টারপ্ল্যানের ২৪টি মূল কার্যক্রম এবং এর আওতায় ১৮০টি সহযোগী কার্যক্রম চিহ্নিত করা হয়েছে।