এডিস লার্ভা ধ্বংসে বাসা-বাড়িতে যাবে ডিএসসিসি টিম

ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা ধ্বংসে মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বাসা-বাড়িতে গিয়ে লার্ভা ধ্বংসের জন্য ১৫ দিনের বিশেষ কর্মসূচী চালু করেছে তারা।

রবিবার কাঁঠালবাগান এলাকায় এই কর্মসূচীর উদ্বোধনকালে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, ‘আজ থেকে ১৫ দিনের বিশেষ প্রোগ্রাম চালু করা হলো।  ৫৭টি ওয়ার্ডের ২৫ হাজার বাসায় আমাদের পরিদর্শক টিম, পরিচ্ছন্নতা টিম ও স্বাস্থ্য টিমের প্রতিনিধিরা যাবেন।  যে বাসায় এডিস মশার লার্ভা পাওয়া যাবে, আমাদের প্রতিনিধিরা গিয়ে তা ধ্বংস করে দিয়ে আসবেন।’

তিনি বলেন, ‘লার্ভা ধ্বংসের পাশাপাশি করপোরেশনের প্রতিনিধিরা নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে আসবেন, কীভাবে এডিস মশার বংশ ধ্বংস করতে হয়।  প্রতিদিন ৫৭টি ওয়ার্ডের ১৭১০টি বাসায় গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করা হবে।  সেই হিসেবে এ ১৫ দিনে ২৫ হাজার বাসার এডিস মশার বংশ ধ্বংস করবে ডিএসসিসি।’

মেয়র বলেন, ‘এডিস মশা রাস্তা বা ডোবার নোংরা পানিতে জন্মে না।  এ মশা বাসার বারান্দা বা ছাদের পরিত্যক্ত টায়ার, টব, ট্যাংক, এসি বা ফ্রিজের ট্রেতে জমে থাকা স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তাই এডিস মশা ধ্বংসে জনগণের সচেতনতা ও সতর্কতা সবচেয়ে বেশি প্রয়োজন।’

সবার প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত শহর উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মেয়র বলেন, এডিস মশার প্রাদুর্ভাব যাতে না হয় সে জন্য নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন।  সবার সম্মিলিত প্রচেষ্টায় মশার বিস্তার রোধ করতে হবে।

ডিএসসিসির ৬৮টি ভ্রাম্যমাণ মেডিকেল টিম এ পর্যন্ত ৪৫০ স্থানে কাজ করে দুই হাজার ১৫৭ জন নাগরিককে প্রাথমিক চিকিৎসা দিয়েছে বলে তথ্য দেন সাঈদ খোকন।  তিনি বলেন, ‘ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে।  এরপরও কোথাও ডেঙ্গুর অস্তিত্ব পেলে ডিএসসিসির হটলাইন ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন দিলে আমাদের লোক গিয়ে ধ্বংস করে দিয়ে আসবে।’

কর্মসূচী উদ্বোধনের পর মশক নিধন কর্মীদের সঙ্গে নিয়ে মেয়র আশাপাশের কয়েকটি বাসায় যান। এ সময় মেয়রের উপস্থিতিতে এক বাসার টবের পানিতে জন্মানো এডিস মশার লার্ভা ধ্বংস করেন ডিএসসিসির কর্মীরা।

এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলরগণ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।