বাংলাদেশ এখন ভালো জায়গায় : তাইজুল

বিশ্বকাপে সেমিফাইনাল স্বপ্ন ছিল বাংলাদেশের। সেজন্য কিছু ম্যাচে জয়ের ছক এঁকে রেখেছিল মাশরাফী বিন মোর্ত্তজারা। এর একটি শ্রীলঙ্কার বিপক্ষে। দুর্ভাগ্য, ব্রিস্টলের সেই ম্যাচটি বৃষ্টিতে প- হয়ে যায়। ম্যাচটি হলে পরিষ্কার হয়ে যেত দুই দলের মধ্যে কে এগিয়ে। তাতে শ্রীলঙ্কার মাটিতে আসন্ন ওয়ানডে সিরিজের আগে কোনো এক দলকে এগিয়ে বলাটা সহজ হতো। কিন্তু এখন এই পার্থক্য করা যাচ্ছে না। তবে তাইজুল ইসলামের কাছে শ্রীলঙ্কার চেয়ে খারাপ দল তারা নন। পাশাপাশি গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা না থাকলেও বাংলাদেশ দারুণ অবস্থানে আছে বলে মনে করেন নতুন করে ডাক পাওয়া বাঁহাতি এই স্পিনার।

এই সিরিজ দিয়ে বিদেশের মাটিতে শেষবার বাংলাদেশের হয়ে নামার কথা ছিল মাশরাফীর। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি শেষ মুহূর্তে দল থেকে ছিটকে ফেলে তাকে। একই দিনে যোগ হয় সাইফউদ্দিনের ইনজুরিও। এই পেস বোলিং অলরাউন্ডারকে মাঠের বাইরে থাকতে হবে তিন সপ্তাহ। এরপর শুরু হবে তার পুনর্বাসন। এছাড়া দুর্দান্ত ফর্মে থাকা সাকিব আল হাসান ছুটিতে। বিয়ের কারণে দলের সঙ্গে যাননি লিটন দাসও। সব মিলিয়ে বিশ্বকাপের সুরভাঙা দল নিয়ে লঙ্কায় গেছে তামিম ইকবালের দল।

এতে অবশ্য চিন্তা নেই তাইজুলের। দলের সেরা তারকা সাকিব, সেরা অধিনায়ক মাশরাফী, বিশ্বকাপে অন্যতম দুই পারফরমার লিটন-সাইফউদ্দিন না থাকুক, বাংলাদেশ দলটি এখন গোছানো বলে মনে করেন তিনি। ব্যাকআপ ক্রিকেটার নিয়েও বাংলাদেশ ভালো দল তার কাছে, ‘আমাদের দল এখন খুব ভালো জায়গায়। বিশ্বকাপে আমরা প্রায় সব ম্যাচেই ভালো লড়াই করেছি। আমরা যে লড়াকু দল সেটাও প্রমাণ হয়েছে। তাই শ্রীলঙ্কার চেয়ে আমাদের দল খারাপ বা নিচে এটা কেউ বলতে পারবে না। এর মানে এই নয় যে এই সিরিজে আমরা এগিয়ে। এখানে (শ্রীলঙ্কায়) নয় শুধু, প্রতি ম্যাচেই যারা ভালো খেলবে তারাই জিতবে। আমাদের সবার এটাই বিশ্বাস। আমরা তাই ভালো খেলে সিরিজ জয়ের চেষ্টা করব। দলের আবহ বেশ ভালো। আমরা দেশে বা দেশের বাইরে যেখানেই থাকি সবাই সবাইকে সাপোর্ট করি। আশা করি এই সিরিজেও এক দল হয়ে আমরা সাফল্য পাব।’

এক নম্বর স্পিনার সাকিব না থাকায় বর্তমানে দ্বিতীয়সেরা তাইজুলকে নেওয়া হয়েছে ওয়ানডে দলে। সাকিবের অভাবটা পূরণ করতে হবে তাকেই। কিন্তু তাইজুল মোটেও এমন ভাবছেন না, ‘আসলে এই কথাটা ঠিক না। আমি কোনোভাবেই সাকিব ভাইয়ের বদলি হিসেবে আসি না। কারণ তিনি ব্যাটে-বলে দুদিকেই পারদর্শী। নাম্বার ওয়ান। তিনি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। বিশ্বকাপে তার পারফর্ম সবাই দেখেছে। কোনোভাবেই ওই পারফর্মের সঙ্গে আমি যাই না। আমাকে হয়তো বোলিংয়ে স্পিন বিভাগের মূল ভূমিকাটা রাখতে হবে, এটুকুই। আমি যদি সুযোগ পাই অবশ্যই এই দায়িত্বে সফল হওয়ার চেষ্টা করব। কিন্তু আমি সাকিব ভাইয়ের বদলি হিসেবে এসেছি বা তার মতো করে দলকে কিছু দিতে পারব সেটা মনে করি না।’

তামিমের নেতৃত্বে শনিবার আটজন শ্রীলঙ্কায় গেছেন। বিসিবি একাদশের হয়ে ভারতে খেলা তাসকিন ও তাইজুল শ্রীলঙ্কায় গেছেন আলাদাভাবে। সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, এনামুল হক, রুবেল হোসেন ও ফরহাদ রেজা আজ শ্রীলঙ্কা যাবেন। আগামীকাল শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের সঙ্গে পি সারা স্টেডিয়ামে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে তামিমের দল। যেহেতু সিরিজটি দিনরাতের, তাই আজকের ম্যাচটিও দিনরাতে অনুষ্ঠিত হবে। শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।