রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে অনুসন্ধান কমিটি। আইইআরের পরিচালক অধ্যাপক চৌধুরী মো. আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সহকারী অধ্যাপক বিষ্ণুকুমার অধিকারীর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে গঠিত সত্য অনুসন্ধান কমিটির সভায় প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তাতে ওই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য মনে হয়েছে। প্রতিবেদনের সারসংক্ষেপ সোমবার (আজ) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হবে। তবে কমিটির তদন্ত স্বচ্ছ হয়নি বলে অভিযোগ করেছেন বিষ্ণুকুমার অধিকারী। তিনি বলেন, ‘মনে হয়েছে তদন্ত কমিটি আমাকে অসহযোগিতা করেছে। তিনবার আমাকে ডেকে কথা বললেও দুবার আমার জবানবন্দি রেকর্ড করেনি।’