শুটিং শুরুর আগে বিতর্কের আভাস দিলো আমির খানের ছবি

অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার কয়েক দশক অতিবাহিত হয়েছে। এর জের ধরে দাঙ্গায় মারা গেছে অনেক মানুষ। বর্তমানে ওই স্থানের মালিকানা নিয়ে মামলা চলছে। ভারতের বিতর্কিত এই ঘটনা স্থান পাবে আমির খানের পরের সিনেমা ‘লাল সিং চাড্ডা’য়।

এই খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। ‘লাল সিং চাড্ডা’ বিখ্যাত হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক। মুক্তি পাবে ২০২০ সালের শেষ দিকে।

ছবিটি রিমেক হলেও গল্প বোনা হচ্ছে ভারতের প্রেক্ষিতে। তাই সে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, রাজনৈতিক পট পরিবর্তন ধরা পড়বে গল্পে- এমনটাই জানা গিয়েছে। যা উসকে দিতে পারে বিতর্ক। যেমনটা হয়েছিল আমির খানের ‘পিকে’ ছবির ক্ষেত্রে।

‘লাল সিং চাড্ডা’র চিত্রনাট্য লিখেছেন অতুল কুলকার্নি। পরিচালনা করছেন অদ্বৈত চন্দন।

ডেকান ক্রনিকলের একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ‘লাল সিং চাড্ডা’য় উঠে আসবে বাবরি মসজিদ ধ্বংস থেকে নরেন্দ্র মোদির উত্থান। গল্পটি এমনভাবেই সাজানো হবে যাতে ১৯৯০ এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের সমাজ-রাজনৈতিক পরিবর্তন ধরা পড়ে।

মূল ছবি ‘ফরেস্ট গাম্প’-এও দেখা যায়, কীভাবে ফরেস্টের জীবনের ঘটনার পাশাপাশি বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি, বদলে যাচ্ছেন প্রেসিডেন্টরা। তেমনই এই ছবিতে ধরা পড়তে চলেছে নব্বই থেকে ২০১৪, ভারতীয় রাজনীতিতে উগ্রপন্থীদের শক্তি বৃদ্ধি। প্রধানমন্ত্রী হিসেবে ফের নরেন্দ্র মোদি শপথগ্রহণ করেছেন ২০১৯ সালে, বাড়ছে গেরুয়া বাহিনীর আধিপত্য।

তবে কোন কোন ঘটনা ঠিক কতখানি জায়গা জুড়ে থাকবে চিত্রনাট্যে- তা বিশদ জানা যায়নি। এই ছবিতে আমিরকে প্রথমবার দেখা যাবে পাগড়ি লুকে। নায়িকার ভূমিকায় থাকছেন কারিনা কাপুর খান।

সিনেমাটি দৃশ্যায়ন শুরু হবে অক্টোবরে। মোট তিন লটে শুটিং হবে। এতে মূল দুই তারকাকে দশকের পরিবর্তনে সঙ্গে আলাদা আলাদা লুকে দেখা যাবে।