সরকার, সত্য, রঙ্গিলা, কোম্পানি’সহ অনেক হিট সিনেমা রয়েছে রাম গোপাল ভার্মার ক্যারিয়ারে। তার সাধ জেগেছে, ৩৯ দিন ধরে একটানা পুলিশকে চুমু দিতে। শুধু তাই নয়, তার যদি আরেকটি মেয়ে থাকতো তবে পুলিশের সঙ্গেই বিয়ে দিতেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পুলিশের দায়িত্ববোধে খুশি হয়েই এমন মন্তব্য করেছেন রাম।
শনিবার রয়্যাল অ্যানফিল্ড বাইকে চেপে হায়দরাবাদের মুসাপেতে তেলুগু ছবি ‘আইস্মার্ট শঙ্কর’ দেখতে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন দুই পরিচালক অজয় ভূপতি ও অগ্যস্ত। একটি বাইকে তিনজন, তাও আবার হেলমেটহীন। ভারতীয় আইনে তা ঘোরতর অপরাধ। কিন্তু পুলিশের কোনো চিহ্নই দেখা যায়নি রাস্তায়।
সিনেমা হলে যাওয়ার ভিডিও টুইট করে রাম গোপাল লেখেন, “পুলিশ কোথায়? মনে হয় তারাও হলের ভেতরে ‘আইস্মার্ট শঙ্কর’ দেখতে ব্যস্ত।”
এদিকে ছেড়ে দেওয়ার পাত্র নয় পুলিশও। জবাবে পরিচালককে ব্যঙ্গ করে টুইট করে সাইবেরাবাদ পুলিশ। তারা লিখেছে, “ট্রাফিক আইন লঙ্ঘন করা অপরাধ। অভিযোগ দায়ের করার জন্য ধন্যবাদ। আশা করব আপনি নিজেও আইন মেনে চলবেন। তবে শুধু হলে নয়। পুলিশ এমন নাটক রাস্তাতেও প্রতিদিন দেখে। ভিডিওটিই তার উদাহরণ।”
বাইকের মালিক বি দিলীপ কুমারের নামে ১৩৩৫ রুপির জরিমানা করে সেই ছবিও পোস্ট করে পুলিশ।
রাম বরাবরই বিতর্কের ঝড় তোলেন। কিছুদিন আগে একই ছবির সাফল্যের পার্টিতে গিয়ে আরেক কাণ্ড ঘটিয়েছিলেন। নিজের গায়ে মদ ঢেলে ছবির পরিচালক পুরি জগন্নাথ ও অভিনেত্রী চার্মি কউরকে আলিঙ্গন করতে দেখা যায় তাকে।
হিন্দির পাশাপাশি একাধিক তেলুগু ছবিও পরিচালনা করেছেন রাম গোপাল ভার্মা।