দিন ফিরল হৃতিকের

একের পর এক সিনেমার ব্যর্থতা। সঙ্গে ছিল পারিবারিক জটিলতা ও সাবেক প্রেমিকা কঙ্গনা রনৌতকে নিয়ে বিতর্ক। সব মিলিয়ে গত কয়েক বছর একদমই ভালো যায়নি হৃতিক রোশনের। এবার বোধহয় দিন ফিরল।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ‘সুপার থার্টি’র হাত ধরে বহুদিন পর সাফল্যের স্বাদ পেলেন বলিউডের গ্রিক গড হৃতিক।  মুক্তির ৯ দিন পার হতেই ছবিটি এগিয়ে চলেছে ২০১৯ সালের অন্যতম হিট হওয়ার পথে।

এই বায়োপিক অভিভূত করেছে ভারতের উপরাষ্ট্রপতি থেকে আমজনতাকে। এমনে সাফল্যে হৃতিকের প্রতিক্রিয়া, “এটা অনেকটাই আমার প্রথম ছবি ‘কাহো না... প্যায়ার হ্যায়’ মুক্তির পরের অনুভূতির মতো।”

আরও বলেন, “বক্স অফিস কালেকশন অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ তাতেই টের পাওয়া যায় যে দর্শক খুশি কিনা। দর্শক কাজের সঙ্গে সংযুক্ত হতে পারছেন কিনা!”

আনন্দ কুমারের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ‘সুপার থার্টি’। এই গণিতদিন ছবি দেখে হৃতিকের প্রশংসা করেছেন। এ প্রসঙ্গে নায়ক বলেন, “যখন তিনি ফিডব্যাক জানান, আমি আনন্দে চিৎকার করে উঠেছিলাম।”

‘সুপার থার্টি’ ইতিমধ্যে ৮৮ কোটি রুপি আয় করেছে। সিনেমা বাজার বিশেষজ্ঞদের মতে খুব শিগগিরই ছুঁয়ে ফেলবে ১০০ কোটির ক্লাব।

এদিকে অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে হৃতিকের পরের ছবি ‘ওয়ার’। সঙ্গে আছেন টাইগার শ্রফ ও বানী কাপুর। অ্যাকশন সিনেমাটি টিজার মুক্তি পেয়েছে দিন কয়েক আগে।