আন্তর্জাতিক পর্যায়ের বড় আসরে প্রতিবার যেমন হয়, এবারও সেই ধারাবাহিকতাই ধরে রেখেছে বাংলাদেশের সাঁতারুরা। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে আরিফুলের পর নিজ ইভেন্টে ব্যর্থতার পরিচয় দিয়েছেন জুয়েল আহমেদ।
দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে চলমান আসরে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু জুয়েল। ৬৩ জনের মধ্যে হয়েছেন ৬২তম। সাঁতার শেষ করতে ১ মিনিট ৫ সেকেন্ড সময়ে নিয়েছেন তিনি।
অথচ সর্বশেষ জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে তিনি জাতীয় রেকর্ড গড়েছিলেন এই ইভেন্টে। সেবার সময় নিয়েছিলেন ১মিনিট শূন্য দশমিক ৭৬ সেকেন্ড। ৫টি জাতীয় রেকর্ডসহ স্বর্ণ জিতে হয়েছিলেন সেরা পুরুষ সাঁতারু।
এর আগে এই আসরে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক ইভেন্টে ৮৭ জনের মধ্যে ৭৮তম হন নৌবাহিনীর সাঁতারু আরিফুল। অলিম্পিকের বৃত্তি নিয়ে ফ্রান্সে প্রশিক্ষণ নিচ্ছেন এই সাঁতারু। তাকে ঘিরে বড় আশা থাকলেও ব্যর্থতার খাতায় নাম লিখেছেন নিজের।
আরিফুল ও জুয়েল আরো একটি করে ইভেন্টে পুলে নামবেন। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে জুয়েল ও ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে অংশ নেন আরিফুল। আসরে বাংলাদেশ থেকে একমাত্র নারী সাঁতারু হিসেবে অংশ নিয়েছেন ইংল্যান্ড প্রবাসী জুনাইনা আহমেদ। ৫০ মিটার ফ্রি স্টাইল ও ২০০ মিটার বাটারফ্লাইয়ে পুলে নামবে তিনি।