ভারতে উগ্রবাদীদের পিটুনিতে নিহত মুসলিমদের পাশে নাসিরুদ্দিন

উগ্রবাদী হিন্দু সংগঠনের পিটুনিতে মুসলিমদের হত্যা নিয়ে ফের সরব হলেন বর্ষীয়ান বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। গো-রক্ষকদের হাতে নিহত এসব মানুষদের পরিবারের পাশে দাঁড়ালেন তিনি।

জি নিউজ জানায়, মুম্বাইতে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব ইন্ডিয়া আয়োজিত একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন নাসিরুদ্দিন।

এতে ভারতজুড়ে জয় শ্রীরাম বলতে বাধ্য করে পিটুনি দিয়ে মুসলিমদের হত্যার ভয়াবহতার বিষয়ে মুখ খোলেন তিনি।

নাসিরুদ্দিন বলেন, “নিহতদের পরিবারের পাশে থাকতে পেরে আমি গর্বিত। তাদের সাহসকে কুর্নিশ জানাই। জীবনে অনেক কিছু সহ্য করেছেন তারা। তার দুই শতাংশও আমাদের সহ্য করতে হয়নি।”

এর আগে উত্তরপ্রদেশে গো-হত্যার গুজবে সৃষ্ট সংঘর্ষে পুলিশ নিহতের ঘটনায় মন্তব্য করে হিন্দুত্ববাদীদের সমালোচনার শিকার হয়েছিলেন নাসিরুদ্দিন।

তিনি মন্তব্য করেছিলেন, একজন পুলিশের মৃত্যু হলে ততটা গুরুত্ব দেওয়া হয় না, যতটা একটি গরুর মৃত্যু হলে দেওয়া হয়।

১৯৯৮ সালে ‘সারফারোশ’ ছবিতে তার চরিত্রকে নিয়েও অনেকে কটাক্ষ করেছিলেন। ওই ছবিতে একজন পাকিস্তানি গায়কের চরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন। বিতর্কের জেরে তাকে পাকিস্তানে চলে যাওয়ার হুমকি দিয়েছিল।

এর আগে নিজের ছেলেমেয়েদের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিনেতা। তার বক্তব্য ছিল, সন্তানদের কখনো বিশেষ কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে বলেননি। কেউ যদি তাদের ধর্ম জিজ্ঞাসা করে তবে কোনো উত্তর থাকবে না তাদের কাছে।