‘ক্রিকেটে আমরা সবাই একটি পরিবারের মতো’

চার দিন পরই শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে মঙ্গলবারই মাঠে নেমে পড়বে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে।

তবে সিরিজ শুরুর আগে সোমবার কলম্বোর তাজ সমুদ্র হোটেলে সিরিজ পূর্ব যে সংবাদ সম্মেলন হয়ে গেল, সেখানে আবহটা ছিল একটু অন্য রকম। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকে বারবার কথা বলতে হলো নিরাপত্তা বিষয়ে।

এপ্রিলে ইস্টার সানডের দিনে শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। যে কারণে এই সিরিজের আগে নিরাপত্তা ইস্যুই ছিল বড় প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই নিরাপত্তার বিষয়ে অনেক ভাবনা চিন্তার পর শ্রীলঙ্কার সফরের সিদ্ধান্ত নিয়েছিল।

এদিন সেই নিরাপত্তা বিষয়ে যখন কথা উঠল তামিম তখন কৃতজ্ঞতা প্রকাশ করলেন লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রতি। বললেন, ‘‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ তারা যেভাবে আমাদের দেখাশোনা করছে। নিরাপত্তা অসাধারণ। যে সুযোগ-সুবিধা দিচ্ছে খুবই ভালো। দুই মাস আগে ঘটে যাওয়া ঘটনার পর আমাদের ক্রিকেট বোর্ড কিংবা দেশের মানুষ সবাই ইতিবাচক ছিল এ সফর নিয়ে।’’

তামিম নিজেদের একই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার কথা স্মরণ করলেন। বললেন, ‘‘খুব বেশি দিন আগের কথা নয় আমরাও এমন পরিস্থিতিতে পড়েছিলাম। তখন শ্রীলঙ্কাও আমাদের সহায়তা করেছিল। আমরা সবাই পরিবারের মতো। এ ধরনের ঘটনার পর একে অপরের সহায়তা করা খুব দরকার।’’

২০০৯ সালে বিডিআর বিদ্রোহ কিংবা ২০১৪ সালের জানুয়ারিতে রাজনৈতিক অস্থিতিশীলতায় বাংলাদেশে আন্তর্জাতিক সিরিজ আয়োজনে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। সেই সময় বাংলাদেশ সফর করে গেছে শ্রীলঙ্কা।