রাজধানীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে পর পর দুই সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটক ‘হ্যাপি ডেজ’। আগামী ২৩ ও ২৪ জুলাই সন্ধ্যা ৭টায় নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
স্যামুয়েল বেকেটের লেখা ‘হ্যাপি ডেজ’ বাংলা অনুবাদ করেছেন কবীর চৌধুরী ও শাহীন কবীর। মঞ্চ নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এতে একক অভিনয় করছেন জ্যোতি সিনহা। মঞ্চ নির্মাণ করেছেন শাহনাজ জাহান, সহযোগিতায় আসফিকুর রহমান ও হাসান আলী। আলোক প্রক্ষেপণে আসলাম অরণ্য। সংগীত প্রক্ষেপণে হুমায়ূন আজম রেওয়াজ। স্টেজ ম্যানেজার পারভেজ সরকার। নাটকের টিকিটের মূল্য ১০০/২০০/৩০০ ও ৫০০ টাকা। অগ্রিম টিকিট বুকিং দেওয়া যাবে ০১৭১৭-৩৮৬৬৪৬ এই নম্বরে।
এদিকে এই দুটি মঞ্চায়নের পরপরই ৬ মাসের বিরতি নেবে ‘হ্যাপি ডেজ’ নাটকটি। দেশ রূপান্তরকে নির্দেশক শুভাশিস সিনহা বলেন, ‘এই দুটি শো’র পর আপাতত ৬ মাস আর নতুন কোনো শো করব না। ৬ মাস পর আবারও হ্যাপি ডেজ নিয়ে হাজির হওয়ার ইচ্ছে আছে।’
শুভাশিস আরও বলেন, ‘যেহেতু আগামী ৬ মাস আর নাটকটির শো হবে না, তাই দর্শকেরা এই দুই দিনে নাটকটি দেখে নিতে পারেন।’
‘হ্যাপি ডেজ’ নাটকে উইনি নামের এক নারীর নিঃসঙ্গ কিন্তু স্বপ্নময় জীবনের দৈনন্দিন সব ছেলেখেলার মতো ক্রিয়াকলাপের মধ্য দিয়ে মানুষের এক অভিনব মানসপটকে আঁকা হয়েছে। পুরো নাটকে উইনি তার স্বামী উইলির সঙ্গে অনর্গল কথা বলে যায়, প্রলাপের মতো। নস্টালজিয়া, অভিযোগ, আকাঙ্ক্ষা কিন্তু সবকিছু ছাপিয়ে তার শরীর-মনের তীব্র প্রেমাকুতি।
মূল টেক্সটে দু’একটি সংলাপের মধ্য দিয়ে অথর্ব, অক্ষম পুরুষ-চরিত্র উইলি উপস্থিত থাকলেও এ প্রযোজনায় তাকে অনুপস্থিত রাখা হয়েছে। কিন্তু স্ত্রী উইনির ঘণ্টাব্যাপী কথা-ক্রিয়ার মধ্যে সে বর্তমান থাকে। সে জীবিত নাকি মৃত, সে প্রশ্নের মীমাংসাও হয়তো হয় না।
কিন্তু উইনি তাকে নিয়ে জীবনের এক আনন্দময় দিনের স্বপ্ন দেখে চলে, তাকে নিজের মতো করে সাজিয়ে চলে, যা কোনো দিনই তার জীবনে আসে না।