চার কংগ্রেস নারী নেত্রীকে ক্ষমা চাইতে বললেন ট্রাম্প

কংগ্রেসের চার ডেমোক্র্যাট নারী আইনপ্রণেতাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ক্ষমা চাইতে বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হিস্পানিক, আরব ও আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভূত ওই চার নারী কংগ্রেস সদস্যকে নিয়ে কিছুদিন আগেই টুইটারে বর্ণবাদী মন্তব্য করেন ট্রাম্প। তাদের পরামর্শ দেন নিজ দেশে ফিরে যেতে। ট্রাম্পের মন্তব্যকে বর্ণবাদী মন্তব্য হিসেবে আখ্যায়িত করে এরই মধ্যে নিন্দা জানিয়েছে দেশটির প্রতিনিধি পরিষদ। ওই আইনপ্রণেতারা প্রতিবাদী অবস্থান নিলে নতুন এক টুইটবার্তায় এই আক্রমণ করলেন ট্রাম্প।

গত রবিবার টুইটবার্তায় ট্রাম্প লেখেন, ‘এ চার কংগ্রেস সদস্যের মাঝে দেশকে ভালোবাসার যোগ্যতা আছে বলে আমি মনে করি না। তারা যেসব ভয়াবহ (বিদ্বেষপূর্ণ) কথা বলেছেন তার জন্য তাদের উচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ক্ষমা চাওয়া।’

এই চার নারী কংগ্রেস সদস্য আইনপ্রণেতা হওয়ার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার। অতীতেও তাদের সঙ্গে বাদানুবাদ হয়েছে ট্রাম্পের। বছরের শুরুর দিকে ইসরায়েলের সমালোচনা করে ইলহান ওমর বলেছিলেন, ইসরায়েলপন্থি লবি গ্রুপের কাছ থেকে অর্থ নিয়ে যুক্তরাষ্ট্র তেল আবিবকে সমর্থন দেয়।