এটাই আমার শেষ কিনা জানি না: হাথুরুসিংহে

বিশ্বকাপে ব্যর্থতার জন্য শ্রীলঙ্কা দলের কোচিং স্টাফে পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছু দিন ধরে। সবচেয়ে বড় গুঞ্জন- চাকরি হারাতে পারেন চন্ডিকা হাথুরুসিংহে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ বিষয় নিয়ে প্রশ্ন শোনতে হলো স্বয়ং হাথুরুসিংহেকে। এক সাংবাদিক এভাবেই প্রশ্নটা করলেন- শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে এটিই কি আপনার শেষ সিরিজ?

বাংলাদেশের সাবেক কোচ উত্তর দিলেন এভাবে- ‘‘আমি এ বিষয়ে জানি না। কেউ আমাকে এ নিয়ে কিছু বলেনি।’’

এমন গুঞ্জন বাংলাদেশের বিপক্ষে সিরিজে প্রভাব ফেলতে না বলেও জানিয়ে দিলেন লঙ্কান কোচ, ‘‘এই সম্পর্কিত কিছু সংশ্লিষ্ট কারো কাছ থেকে আমি শুনিনি। এমনকি যদি কেউ এমন বলে, সেটি আমাদের পরিকল্পনায় বা খেলার ধরনে প্রভাব ফেলবে না।’’