ট্রাম্প বললেন, সাতদিনে আফগান যুদ্ধ জিততে পারি

যে যুদ্ধ প্রায় দেড় যুগে শেষ করতে পারেনি আমেরিকা, সেই যুদ্ধ নাকি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র ‘এক সপ্তাহে’ জিততে পারেন! তার দাবি, এক কোটি লোক মারা যাবে বলে তিনি সেটি করছেন না।

হোয়াইট হাউজে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার পর ট্রাম্প বলেন, ‘আফগান যুদ্ধ শেষ করার ব্যাপারে আমরা অনেক এগিয়েছি। সেখানে আমরা ১৯ বছর ধরে সৈনিক নয়, পাহারাদার হিসেবে আছি।’

‘যদি আমরা সেনা হতে চাইতাম, তবে মাত্র এক সপ্তাহ থেকে দশদিনে এটা শেষ করতে পারতাম।’

২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালায় আল-কায়েদা। তার এক মাস পরে মার্কিন সৈন্যরা আফগানিস্তানে অভিযান চালায় আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের খোঁজে। বিন লাদেনকে প্রায় হাতের মুঠোয় পেয়েও ধরা সম্ভব হয়নি। তবে আফগানিস্তানকে তালেবানদের নিয়ন্ত্রণমুক্ত করা সম্ভব হয়েছিল।

২০০৫ এবং ২০০৬ সালে তালেবানরা আবার সংগঠিত হয়। ওদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে হোয়াইট হাউজে আসার পর বলেন যে, আফগান যুদ্ধের লক্ষ্য হল, তালেবানরা আবার যতটুকু কায়েম হয়ে বসেছে, তাদের সেখান থেকে বিচ্যুত করা।

সে কাজ এতদিনে শেষ তো হয়নি, বরং এই পন্থায় হবে কিনা, তা নিয়েও সন্দেহ আছে।

বিশ্লেষকেরা মনে করেন, আফগান যুদ্ধ আরও অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মার্কিনদের ভুল নীতি, পদক্ষেপ ও অগ্রাধিকারের কারণে যে গোষ্ঠীগুলোকে তাদের ‘শায়েস্তা’ করার কথা ছিল, তাদের সংখ্যা বাড়ছে: আল-কায়েদা, আফগান তালেবান ও আরও সম্প্রতি আইএসের।