হঠাৎ ডাক পেলেন শফিউল

শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ছিল ১৪ সদস্যের। হঠাৎই সেটি ১৫ সদস্যের করা হলো। ডাকা হয়েছে পেসার শফিউল ইসলামকে। বুধবার দলের সঙ্গে যোগ দেবেন ২৯ বছর বয়সী ডানহাতি পেসার।

দেশের হয়ে শফিউল সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে। সেবার টেস্ট ও টি-টোয়েন্টিতে খেলেন এই পেসার। আর সর্বশেষ ওয়ানডে খেলেছেন সেই ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে।

তবে দলে শফিউলের আসা যাওয়া নিয়মিতই। স্কোয়াডে থাকেন, কিন্তু ম্যাচ খেলা হয় না। সর্বশেষ নিউজিল্যান্ড সফরেও যেমন স্কোয়াডে ছিলেন। কিন্তু কোনো ম্যাচ না খেলেন বাদ পড়েন।

কোথাও দারুণ পারফরম্যান্স করে ডাক পেলেন শফিউল, এমন বলার উপায় নেই আসলে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচে খেলেছেন সর্বশেষ। ৯.২ ওভার বল করে ৫৯ রানে নিয়েছেন ২ উইকেট।

শফিউলকে নিয়ে পেসারের সংখ্যা হলো চারজন। আগে থেকেই ছিলেন মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

আগামী শুক্রবার (২৬ জুলাই) শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ২৮ ও ৩১ জুলাই। সবগুলো ম্যাচই হবে কলম্বোর পেমাসাদা স্টেডিয়ামে।

তার আগে মঙ্গলবার শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল:

তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, ফরহাদ রেজা, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।