সাত কলেজ নিয়ে ছাত্রলীগের কর্মসূচিতে ইডেনের শিক্ষার্থীরা !

সাত কলেজ নিয়ে সংকট সমাধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অধিভুক্ত ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়।

অধিভুক্ত সাতটি কলেজ নিয়ে সংকটের স্থায়ী সমাধান ও ঢাবির শিক্ষার পরিবেশ নির্বিঘ্ন তথা ক্লাস-পরীক্ষা সচল রাখার দাবিতে ঢাবি উপাচার্য বরাবর মঙ্গলবার স্মারকলিপি প্রদান করে ছাত্রলীগ।

দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে দেখা যায়, সেখানে ছাত্রলীগের সমাবেশ চলছে। সমাবেশে ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী, ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তবে, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও তার অনুসারীদের কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি।

সমাবেশ শেষে ছাত্রলীগ নেতারা উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি দিতে যান। উপাচার্য দেশে না থাকায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদের নিকট স্মারকলিপি প্রদান করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সূত্র জানায়, আগামীকাল বুধবার ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে নিজেদের উপস্থিতির জানান দিতেই কলেজ ছাত্রলীগের নেত্রীরা কেন্দ্রীয় ছাত্রলীগের অধিভুক্তি সংকট সমাধানের এ কর্মসূচিতে অংশ নেয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের এ কর্মসূচিতে ইডেন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামান্না জাহান রাইভা, জান্নাতারা জান্নাত, ইফরাত জাহান ইতি, পাপিয়া রায়, সদস্য নুজহাত ফারিয়া রোকসানা, নাহিদা চৌধুরী রাকা, ফারিয়া মল্লিক, আফরোজা রোশনী, আনিসা আলমসহ ৫০ জনের মতো নেত্রী অংশ নেয়।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে আন্দোলন করছেন ঢাবি শিক্ষার্থীরা।