বাংলাদেশ প্রিমিয়ার লিগে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে প্রকাশে মন্তব্য করেছিলেন জাতীয় দল ও সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়া। যে বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শোকজ করা হয়েছে তাকে।
বাফুফের অভিযোগ, গত শনিবার হয়ে যাওয়া আবাহনী লিমিটেড ও সাইফ স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচের রেফারিং নিয়ে মিডিয়ায় আপত্তিকর বক্তব্য দিয়েছেন জামাল ভূঁইয়া।
দেশের ফুটবলের এই মুহূর্তের সেরা এই তারকা সরাসরি অভিযোগ করেন, আবাহনীকে সব সময় সুবিধা দিয়ে থাকেন রেফারিরা। শনিবারও সেটি হয়েছে বলে অভিযোগ জামালের। জাতীয় দলের অধিনায়ককে বৃহস্পতিবারের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
শনিবার ওই ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে হারায় আবাহনী। ম্যাচে ৩ জনকে লাল কার্ড দেখান রেফারি। যার মধ্যে ছিলেন জামাল ভূঁইয়াও। তবে জামাল লাল কার্ড পান ম্যাচ শেষে তর্কে জড়িয়ে।
ম্যাচের ৫৩ মিনিটে আবাহনীর পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। সেটি নিয়েই মূলত ক্ষোভ সাইফ স্পোর্টিং ক্লাবের।