‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’

প্রিয়া সাহার বিরুদ্ধে মুন্সীগঞ্জের আদালতে অভিযোগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ করে সমালোচিত প্রিয়া সাহার বিরুদ্ধে মুন্সীগঞ্জের আদালতে লিখিত অভিযোগ দিয়েছেন এক আইনজীবী। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে উল্লেখ করে গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে এ অভিযোগ দায়ের করেন আইনজীবী মো. জামাল হোসাইন। বিচারক আব্দুল্লাহ আল ইউসুফ অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

আইনজীবী জামাল হোসাইন বলেন, ‘প্রিয়া সাহা ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে মৌলবাদী মুসলমানরা সংখ্যালঘু নির্যাতন করেছে বলে উল্লেখ করেন। এতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন তিনি।’ ওয়াশিংটনে ‘ধর্মীয় স্বাধীনতায় অগ্রগতি’ নিয়ে এক সম্মেলনে অংশ নিতে যাওয়া প্রিয়া সাহা গত ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সাহায্য চেয়ে বলেছিলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের নিপীড়নের শিকার হচ্ছেন। প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ হয়েছেন। তার ওই কথা নিয়ে দেশে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। গত সোমবার সাংগঠনিক সম্পাদকের পদ থেকে প্রিয়া সাহাকে সাময়িক বহিষ্কার করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।