একই সিনেমায় মাহি-সিয়াম!

ফ্যাশন ইন্ডাস্ট্রিকে উপজীব্য করে তরুণ নির্মাতা রায়হান রাফি নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ‘স্বপ্নবাজি’। এ ছবিতে ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন পিয়া জান্নাতুল। এদিকে ২৪ জুলাই এ ছবির সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। শুধু তাই নয়, সিয়াম আহমেদকেও দেখা যাবে এই ছবিতে। এই ছবিতে চমক হিসেবে হাজির হতে পারেন জয়া আহসান ও নুসরাত ইমরোজ তিশাও।

রাফি জানিয়েছেন, ফ্যাশন জগতের গল্প নিয়ে নির্মিত হবে ‘স্বপ্নবাজি’। পি এইচ এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করছেন পিয়াল হোসাইন নামের এক তরুণ। সেই সময় শোনা গিয়েছিল এ ছবিতে জয়া আহসান ও নুসরাত ইমরোজ তিশার নাম।

আগামী আগস্ট মাস থেকে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হবে। এই ছবিতে তিন জোড়া নায়ক–নায়িকা থাকবেন বলে নির্মাতা সূত্রে জানা যায়। তবে ছবির বাকি অভিনয়শিল্পীদের নাম পর্যায়ক্রমে জানানো হবে বলে জানিয়েছেন ছবির প্রযোজক।