লোহাগাড়ায় খালের ভাঙনে হুমকিতে ৫ শতাধিক পরিবার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদের তুলাতলী বাজার এলাকায় টংকাবতী খালের ভাঙনে প্রায় পাঁচ শতাধিক হিন্দু পরিবার ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। এরই মধ্যে এ গ্রামের কয়েকশ একর ফসলি জমি, বাড়িঘর, সবজি ক্ষেত, পারিবারিক শ্মশান খালের ভাঙনে বিলীন হয়েছে।

সরেজমিনে দেখা যায়, টংকাবতী খালের দুই পাশে তুলাতলী বাজার এলাকার মজুমদারপাড়া, বণিকপাড়া, ব্রাহ্মণপাড়া, শীলপাড়া, বৈরাগীপাড়া, মুদিপাড়া, কর্মকারপাড়া, চৌধুরীপাড়া, ঘোনাপাড়া, পালপাড়া, শান্তিপুরপাড়া, জলদাসপাড়া ও দাশপাড়া এলাকায় খালের অব্যাহত ভাঙনে দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। হুমকির মুখে রয়েছে উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয় ও উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।  ভাঙনের শিকার হয়ে বর্তমানে বণিকপাড়ার ৪২ পরিবারের মধ্যে রয়েছে ৮ পরিবার এবং ব্রাহ্মণপাড়ার ২০ পরিবারের মধ্যে রয়েছে মাত্র ৫ পরিবার। অন্যরা জেলা শহর ও আশপাশে বাসাভাড়া বা পরাশ্রয়ী হয়ে থাকে। এ এলাকার অনেকে সবকিছু হারিয়ে এখন নিঃস্ব। টংকাবতী খাল ঘেঁষে  আকবর ডিসি সড়কটি খালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।