বঙ্গবন্ধু দেশের আধুনিক ফুটবলের স্বপ্নদ্রষ্টা : মোজাম্মেল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের আধুনিক ফুটবলের স্বপ্নদ্রষ্টা ছিলেন উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতাপরবর্তী সময়ে বঙ্গবন্ধু দেশের ফুটবলের উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। তিনি নিজে পেশাদার ফুটবলার হিসেবে গোপালগঞ্জ দল ও তখনকার ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের জনপ্রিয় খেলোয়াড় ছিলেন। 

গতকাল মঙ্গলবার কাকরাইলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভাকক্ষে সাইফ পাওয়ায় টেক লিমিটেডের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে প্রতিষ্ঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র দেশের সেরা ফুটবল দল হিসেবে সুপরিচিত। কিন্তু বর্তমানে আর্থিক সংকটের কারণে দলটি কাক্সিক্ষত সফলতা প্রদর্শন করতে পারছে না। সাইফ পাওয়ায় টেক লিমিটেড বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে আর্থিক পৃষ্ঠপোষকতা দানের ইচ্ছা ব্যক্ত করেছে। দলের কল্যাণে তাদের পৃষ্ঠপোষকতার প্রস্তাব গ্রহণ করা হবে। এ সময় তিনি দেশের সব বিত্তবানকে ফুটবলের কল্যাণে আর্থিক পৃষ্ঠপোষকতা দানের আহ্বান জানান।