দক্ষিণ আফ্রিকায় প্রথম ম্যাচে মেয়েদের হার

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম একদিনের ম্যাচে হেরে গেছে বাংলাদেশ ইমার্জিং প্লেয়ার্স ওমেন দল। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং প্লেয়ার্স ওমেন দলের বিপক্ষে ৪৭ রানে হারে সফরকারীরা।

আগে ব্যাট করে প্রোটিয়া মেয়েরা ৪৮ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশের মেয়েরা ১ ওভার বাকি থাকতেই থেমেছে ১৫১ রানে।

বল হাতে রিতু মনি ৪ উইকেট ও নাহিদা আক্তার ৩ উইকেট নিয়ে আলো ছড়ান। পরে ব্যাট হাতে ৬১ রানের ইনিংস খেলেন শায়লা শারমিন। তারপরও পরাজয়ী দলে থাকতে হয়েছে তাদের। প্রোটিয়া মেয়েদের ইনিংসে সর্বোচ্চ ৪৮ বলে ৫৪ করেন অধিনায়ক ডি কার্ক।

বাংলাদেশের মেয়েদের শুরুটা ছিল ভুতুড়ে। মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর শায়লা ও রিতু মনি প্রতিরোধ গড়েন। বল হাতে পারফর্ম করা রিতু ব্যাট হাতেও করেন ৩৩। পঞ্চম উইকেটে শায়লার সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন।

শায়লা শারমিন ১১৯ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন ৭ চারে। শেষদিকে ফাহিমা খাতুন ৩৮ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন। যা জয়ের ব্যবধান কমিয়েছে শুধু।

সফরে তিনটি করে আনঅফিশিয়াল ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।