গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধ

রাজধানীর মগবাজার চৌরাস্তায় একটি দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ফজলুল হক শাওন (৫৪) ও এসএ টিভির সহকারী বার্তা সম্পাদক মুস্তফা মনোয়ার সুজন (৪৪) দগ্ধ হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক মেহেরুন্নেছা লিজা জানান, শাওনের দুই হাত, মুখ ও শ্বাসনালিসহ শরীরের ২৪ শতাংশ আর সুজনের দুই হাত, মুখসহ ১১ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ শাওন জানান, সন্ধ্যায় তারা মগবাজার চৌরাস্তায় তাদের এক বন্ধুর দোকান দেখতে যান। এ সময় দোকানের শাটার খুলে বৈদ্যুতিক সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে দোকানের ভেতরে বিস্ফোরণ হয়। এতে তারা দগ্ধ হন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে মগবাজারে একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। এতে দুজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।’