মুক্তিপণ নিতে গিয়ে নারী অপহরণকারী গ্রেপ্তার, শিশু উদ্ধার

মুক্তিপণের ৩ লাখ টাকা নিতে মহানগরীর পোড়াবাড়ী এলাকায় এসে গতকাল মঙ্গলবার র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে এক নারী অপহরণকারী। উদ্ধার হয়েছে অপহরণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্র রাব্বি হাসান (১১)। সে গাজীপুর মহানগরীর গাছা থানার বোর্ডবাজারের জব্দুল আলীর ছেলে ও স্থানীয় এএস মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। গ্রেপ্তার ছবি আক্তার (২৫) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোসলেমপুর (বাহাদুরপুর) গ্রামের মৃত ফজলুল হকের মেয়ে। সে গাজীপুর মহানগরীর গাছা থানার উত্তর খাইলকুর ভাড়া থাকত।

র‌্যাব-১-এর গাজীপুর ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গত সোমবার সকাল ৯টার দিকে পাউরুটি কেনার জন্য বাসার পাশের দোকানে যায় রাব্বি। পূর্বপরিকল্পনা অনুযায়ী ছবি আক্তার দোকানের সামনে থেকে তাকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ফোনে রাব্বিকে অপহরণ করা হয়েছে জানিয়ে তার বাবার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সে। শিশুটির বাবা এ ঘটনায় র‌্যাবের গাজীপুর ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। র‌্যাবের পরিকল্পনা অনুযায়ী গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রাব্বির বাবার কাছ থেকে মুক্তিপণের টাকা নিতে সহযোগীদের নিয়ে নগরীর পোড়াবাড়ী এলাকায় আসে ছবি আক্তার। একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টা করে সে।