টি-টোয়েন্টি দলে পোলার্ড-নারিন

ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে উইন্ডিজ। সেই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন কায়রন পোলার্ড ও সুনিল নারিন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৩ আগস্ট ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা।

দলে নবাগত একজন, উইকেটকিপার ব্যাটসম্যান অ্যান্থনি ব্র্যামবেল। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন কার্লোস ব্রাফেট। বাম হাঁটুর ইনজুরিতে ভোগা আন্দ্রে রাসেলকেও দলে রাখা হয়েছে। ইংল্যান্ডে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে প্রথম কয়েকটি ম্যাচ খেললেও পরের দিকে ইনজুরির কারণে বাদ দেওয়া হয় রাসেলকে। দলে আছেন বাঁহাতি ওপেনার জন ক্যাম্পবেল ও বাঁহাতি স্পিনার খ্যারি পিয়েরে। দল ঘোষণার পর উইন্ডিজ ক্রিকেট বোর্ডের বর্তমান নির্বাচকদের প্রধান রবার্ট হেইনস বলেন, ‘আমরা মনে করি নারিন ও পোলার্ডের মতো খেলোয়াড়রা বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ খেলেছে এবং তারা এখনো খেলার জন্য ফিট। তাই তাদের আবার সুযোগ দেওয়া উচিত। এখন কেবল ভারতের বিপক্ষে সিরিজের কথা ভাবলেই হবে না। আমরা দল নির্বাচনের ক্ষেত্রে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেছি। সেই বিশ্বকাপের আগে সঠিক কম্বিনেশনের খেলোয়াড় প্রস্তুত করাই এখন আমাদের আসল লক্ষ্য।’

উইন্ডিজ দল : জন ক্যাম্পবেল, এভিন লুইস, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কায়রন পোলার্ড, রভম্যান পাওয়েল, কার্লোস ব্রাফেট, কিমো পল, সুনিল নারিন, শেলডন কটরেল, ওশানে টমাস, অ্যান্থনি ব্র্যামবেল, আন্দ্রে রাসেল ও খ্যারি পিয়েরে।