বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুজন নিহত

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ দুই যুবক নিহত হয়েছে। এসময় এক লাখ পিচ ইয়াবা, দুটি দেশে তৈরি এলজি ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করার দাবি করেছে বিজিবি।

বুধবার ভোররাত ৪টার দিকে টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের পাশে কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়া বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ কামাল (২২) এবং টেকনাফ হোয়াইক্যং নয়াপাড়া আবুল শামার ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান (২৩)।

এ ঘটনায় নিজেদের তিন সদস্য আহত হয়েছেন বলেও দাবি করছে বিজিবি। তারা হলেন-  মফিজুর রহমান, উজ্জল হোসেন ও ইমরান হোসেন।

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২নং বিজিবির একটি টহলদল অভিযানে যায়। এসময় টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি খাল পার হয়ে ইয়াবা পাচারকারী চক্রের কিছু সদস্য ক্যাম্পে প্রবেশের চেষ্টা করেন।

একপর্যায়ে বিজিবির সঙ্গে ইয়াবা পাচারকারীদের সঙ্গে গোলাগুলি হয়। পরে পাচারকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে এক লাখ পিচ ইয়াবা, দুটি দেশে তৈরি এলজি ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এসময় দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। আহত ব্যক্তিরা সেখানে মারা যান।

বিজিবির এই কর্মকর্তা বলেন, মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মোহাম্মদ জাকারিয়া বলেন, বিজিবির সদস্যরা গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। দুজনের শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন ছিল। এছাড়া আহত বিজিবি সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।