বাংলাদেশের ‘আন্ডার কনস্ট্রাকশন’ সিনেমায় রুবাইয়াত হোসেনের পরিচালনায় অভিনয় করেছিলেন বলিউড তারকা রাহুল বোস। সম্প্রতি দুটি কলার দাম দেখে বেকুব হয়ে গেলেন তিনি।
ভারতীয় বাজারে দুটি কলার দাম বড়জোর ১০ রুপি। সেখানে পাঁচ তারকা হোটেলে রাহুলকে বিল করা হয়েছে সাড়ে ৪৪২ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৫৪৩ টাকার মতো।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, চণ্ডীগড়ের একটি পাঁচতারকা হোটেলে এই কাণ্ড ঘটেছে রাহুল বোসের সঙ্গে। সেখানে জিমে শরীরচর্চা করার সময় এ জোড়া কলা অর্ডার করেন তিনি। হোটেলের কর্মীরা তার ঘরে সেগুলো পৌঁছে দেন।
পরে কলার বিল দেখেই রাহুলের চক্ষু চড়কগাছ। বিল করা হয় সাড়ে ৪৪২ রুপি। হোটেলের তরফে বলা হয়, কলা দুটো বিশেষ ফ্রুট প্ল্যাটারের অন্তর্গত। এই দামের ওপর তাকে করও দিতে হবে।
এই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কলকাতার ‘জাপানিজ ওয়াইফ’ ছবির নায়ক লেখেন, “এটা দেখলে আপনি বিশ্বাস করবেন। কে বলেছে ফল স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়?”
রাহুলের পোস্টে সরস মন্তব্য করেছেন অনেকে। একজনের মন্তব্য, “কলাগুলো মনে হয় সোনার ছিল।” আবার কেউ কেউ হোটেলের সমালোচনাও করেন।