টাইব্রেকারে আর্সেনালকে হারাল রিয়াল

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়লেও খেই হারায়নি রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে গ্যারেথ বেল ও মার্কো আসেনসিওর নৈপুণ্যে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। শেষ পর্যন্ত টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় জয়োল্লাসে মাতে জিনেদিন জিদানের দল।

বুধবার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত প্রাক মৌসুম প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। লড়াই গড়ায় টাইব্রেকারে। তাতে ৩-২ গোলের জয় পায় রিয়াল। আগের ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হার মেনেছিল তারা।

খেলা শুরুর দশম মিনিটে পেনাল্টি থেকে আর্সেনালকে এগিয়ে নেন আলেকসঁদ লাকাসঁত। চৌদ্দ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরে এমারিক আউবামেয়াং। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে রিয়াল।

ঘুরে দাঁড়াতে বিরতির পর খুব বেশি সময় নেয়নি স্পেনের সবচেয়ে সফল ক্লাব। ৫৬তম মিনিটে দারুণ একটি গোল করেন বদলি নামা বেল, যার ভবিষ্যত কাম্প নউয়ে অনিশ্চিত বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসছে। তিনি মিনিটের মধ্যেই রিয়ালকে সমতাসূচক গোল এনে দেন আসেনসিও। মার্সেলোর পাস থেকে গোলটি করেন স্প্যানিশ এই উইঙ্গার।

সমতায় ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতে রিয়ালের হয়ে তিনটি গোল করেন ইসকো, রাফায়েল ভারানে ও ভিনিসিউস জুনিয়র। স্পট কিকে গোল করতে ব্যর্থ হন বেল।

অন্যদিকে পাঁচটি শটের মধ্যে মাত্র দুটি গোল করতে পারে আর্সেনাল।

প্রতিযোগিতায় দিনের অপর ম্যাচে মেক্সিকান ক্লাব গুয়াদালাজারাকে হারিয়েছে স্পেনের আরেক ক্লাব আতলেতিকো মাদ্রিদ।