গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

গণপিটুনিতে জড়ালে হত্যা মামলার আসামি করা হবে: আইজিপি

ছেলেধরা গুজব ছড়ানোর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, গণপিটুনিতে জড়িতদের হত্যা মামলার আসামি করা হবে।

বুধবার বেলা ১১টায় পুলিশ সদর দপ্তরের মিডিয়া কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আইজিপি বলেন, “কোনো স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এই মুহূর্তে বিস্তারিত কিছু বলব না। আমরা লিংক খুঁজছি। শুধু দেশে নয়, দেশের বাইরে থেকেও গুজবে উস্কানি দিয়ে পোস্ট দেওয়া হচ্ছে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে খুঁজে বের করা হবে। অতীতেও আমরা এটা করেছি।”

জাবেদ পাটোয়ারী বলেন, “দুবাই থেকে একজন প্রথমে গুজব ছড়ায়। অন্যরা যারা ছড়াচ্ছেন, তারাও বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে জড়িত। ওই চক্রটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।”

তিনি জানান, “গুজব ছড়ানোয় এখন পর্যন্ত ৬০টি ফেসবুক অ্যাকাউন্ট, ২৫টি ইউটিউব চ্যানেল এবং ১০টি নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে।”

আইজিপি আরও জানান, ছেলেধরা গুজবের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে ‘সচেতনতা সপ্তাহ’ শুরু হবে। পুলিশের প্রত্যেকটি সদস্য স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন। তারা অভিভাবক, ছাত্র-শিক্ষকদের সঙ্গে কথা বলবেন।

এছাড়া গুজবের বিরুদ্ধে জনপ্রতিনিধি ও কমিউনিটি পুলিশকেও কাজে লাগানো হচ্ছে বলে জানান তিনি।

এসময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশের এসবি শাখার প্রধান মীর শহীদুল ইসলাম, অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (অর্থ) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।