গণপিটুনির শাস্তি যাবজ্জীবন দাবি করে মোদিকে চিঠি

লোকসভা নির্বাচনের পর ভারতজুড়ে বেড়েছে অসহিষ্ণুতা। দলিত ও মুসলিমরা প্রায়ই গণপিটুনির শিকার হচ্ছেন। এতে উদ্বেগ প্রকাশ করেছেন ৪৯ বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে এ ধরনের ঘটনায় জামিন ব্যতিরেকে যাবজ্জীবন সাজার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, চিঠিতে উঠে এসেছে ‘জয় শ্রীরাম’ প্রসঙ্গও। বলা হয়েছে, “দুঃখজনকভাবে বর্তমানে উসকানিমূলক যুদ্ধের স্লোগানে পরিণত হয়েছে জয় শ্রীরাম। যার ফলে আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এই নাম করেই বহু গণপিটুনির ঘটনা ঘটছে।”

প্রধানমন্ত্রীর কাছে বুদ্ধিজীবীদের প্রশ্ন, “২০০৯ সালে ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ২৯ অক্টোবর পর্যন্ত ধর্মজনিত ২৫৪টি বিদ্বেষমূলক অপরাধের অভিযোগ উঠেছে। ২০১৬ সালে দলিতদের শোষণের ৮৪০টি ঘটনা ঘটেছে। প্রিয় প্রধানমন্ত্রী, এই সব ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?”

আদুর গোপালকৃষ্ণণ, মণি রত্নম, অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনুরাগ কাশ্যপ, বিনায়ক সেন, কঙ্কনা সেনশর্মা, রেবতী, শ্যাম বেনেগাল, শুভা মুদগল, রূপম ইসলাম, অনুপম রায়, অঞ্জন দত্ত, গৌতম ঘোষ, পরমব্রত ও ঋদ্ধি সেনসহ ভারতের বিভিন্ন অঞ্চলের বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এই চিঠিকে স্বাক্ষর করেছেন।