ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত সাত কলেজ নিয়ে প্রধানমন্ত্রী দেশে ফিরে এ বিষয়ে যৌক্তিক সমাধান দেবেন উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আন্দোলনকারীদের কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
বুধবার সচিবালয়ে ঈদুল আজহার প্রস্তুতি, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক সংস্কার ও সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের বিষয়ে সজাগ আছি। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি এলে যৌক্তিক, বাস্তবসম্মত বিষয়টি বিবেচনা করবেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তার আগে তারা যেন রাস্তা অবরোধ করে জনগণকে কষ্ট না দেয়, শিক্ষাপ্রতিষ্ঠানের পড়াশোনার ক্ষতি না করে। তাদেরকে অনুরোধ করছি, তারা যেন ধর্মঘটের পথ থেকে বিরত থাকে।
শিক্ষামন্ত্রী দীপু মনি আন্দোলনকারীদের সঙ্গে দু-এক দিনের মধ্যে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে তিনি বলেন, আলাপ আলোচনা যে সমস্যার সমাধান করা যায়, সেখানে পথ অবরোধ করে জনগণকে দুর্ভোগে ঠেলে দেওয়াই উচিত।
প্রধানমন্ত্রীর আগ্রহে ২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এসব কলেজে ভর্তি পরীক্ষা, পাঠ্যসূচি ও পরীক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করে থাকে।
কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
কিন্তু ওই সাত কলেজের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও অ্যাকাডেমিক কার্যক্রমে ধীর গতি দেখা দিয়েছে অভিযোগ তুলে ঢাবির শিক্ষার্থীরা আন্দোলনে নামে।
এর আগে ১৬ জুলাই প্রতি মাসে প্রত্যেকটি বিভাগে প্রতি কলেজে দুই দিন করে মোট ১৪ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস নেওয়াসহ মোট পাঁচটি দাবিতে সাড়ে তিন ঘণ্টা নিউ মার্কেট মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় সাত কলেজের শিক্ষার্থীরা।