ব্যর্থতার বৃত্ত ভাঙল বাংলাদেশ ‘এ’ দল। সফররত আফগানিস্তান এ দলের বিপক্ষে সর্বস্ব হারানোর শঙ্কা থেকে আপাতত মুক্তি মিলল তাতে। তৃতীয় আনঅফিশিয়াল ওয়ানডেতে জয় পেল বাংলাদেশ।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাট করে ১২২ রানের বেশি করতে পারেনি সফরকারী দল। লক্ষ্যটা ৩০.৩ ওভারেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ। বল হাতে আলো ছড়িয়ে ম্যাচসেরা হয়েছেন আবু জায়েদ রাহী।
সিরিজের প্রথম দুটি আনঅফিশিয়াল ওয়ানডেতে হেরেছিল স্বাগতিকেরা। এর আগে চার দিনের ম্যাচে সিরিজ হারে ‘এ’ দল। এদিনের ওয়ানডেটা হারলে দুই ম্যাচ হাতে থাকতেই সিরিজ খোয়া যেত।
এদিন টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ ‘এ’ দল। বল হাতে আবু জায়েদ রাহী দারুণ শুরু এনে দেন দলকে। তার পেসের সঙ্গে যোগ হয় মেহেদী হাসানের স্পিন। আফগানরা তাই ৩২.৪ ওভারেই ১২২ রানে অল আউট হয় এদিন।
আবু জায়েদ রাহী ৪টি ও মেহেদী হাসান নেন ৩ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম।
আফগানদের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ইব্রাহিম জাদরান। এ ছাড়া শারাফুদ্দিন আশরাফ ১৭, দারউইশ রসুলি ১৬, করিম জানাত ১৫ রান করেন।
জবাব দিতে নেমে দলীয় ১৪ রানেই বিদায় নেন মোহাম্মদ নাঈম। ইনিংসের তৃতীয় ওভারে মাত্র ২ রান করেই ফিরতে হয় তাকে। ইমরুল কায়েস ২৩ রানের বেশি করতে পারেননি। জাকির হোসেন ফেরেন ১২ রান করে। তাতে ৪৮ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে ফজলে মাহমুদ রাব্বী দলের জয় নিশ্চিত করেন। চারে নামা রাব্বী অপরাজিত ছিলেন ৫৭ রানে। ৭৯ বলে ৪ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। আফিফ অপরাজিত ছিলেন ২১ রানে।
২৭ ও ২৯ জুলাই সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই হবে সাভারের বিকেএসপিতে।