ভারতে মুমিনুলদের দাপুটে জয়

কেএসসিএ সেক্রেটারি একাদশের বিপক্ষে জয়ের সুবাস মিলেছিল আগের দিনই। যদিও ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা জাগলেও সেটি হয়নি। তবে চার দিনের ম্যাচ তিন দিনেই জিতে নিয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বিসিবি একাদশ।

বুধবার ‘মিনি রঞ্জি’ ট্রফির তৃতীয় রাউন্ডের ম্যাচে ১০ উইকেটে জয় তুলে নেয় বিসিবি একাদশ। ৮৬ রানের লক্ষ্যটা কোনো উইকেট না হারিয়েই পেরিয়ে যায় তারা। সাদমান ইসলাম ৫২ ও জহুরুল ইসলাম অমি ৩২ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসেও অর্ধশতক হাঁকান সাদমান।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটির প্রথম ইনিংসে স্বাগতিক দল মাত্র ৭৯ রানে গুঁড়িয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে দারুণ খেলেছে। মঙ্গলবারের খেলা শেষে ১০০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল দলটি। বুধবার বাকি সাত উইকেটে হারিয়ে নিজেদের সংগ্রহ নিয়ে যায় ৩৪০ রানে।

এতে বড় অবদান পাঁচ নম্বরে ব্যাট করতে নামা অভিনব মনোহরের। ১৩৬ বলে ১৫ চার ও তিন ছক্কায় ১১৭ রানের ইনিংস খেলেন তিনি। অর্ধশতকের দেখা পেয়েছেন ছয় নম্বরে ব্যাট করতে নামা প্রভীন দুবেই ও সাত নম্বরে নামা বিনয় সাগর (৫৯)।

বিসিবি একাদশের বোলারদের মধ্যে ৩ উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। ২টি করে উইকেট নিয়েছেন শহীদুল ইসলাম, আরিফুল হক ও মুমিনুল হক।

নিজেদের প্রথম ইনিংসে বিসিবি একাদশ করেছিল ৩৩৪ রান। অর্ধশতকের দেখা পেয়েছিলেন সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও কাজি নুরুল হোসেন। প্রথম ইনিংসে বিসিবি একাদশ লিড পেয়েছিল ২৫৫ রানের। ফলে ৮৬ রানের লক্ষ্য দাঁড়ায় মুমিনুলদের সামনে।