ক্যানসার আক্রান্ত বাবাকে জোর করে নিউইয়র্ক নিয়ে গেছেন রণবীর

প্রায় দশ মাস ধরে নিউ ইয়র্কে ক্যানসারের চিকিৎসা চলছে বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুরের। কয়েকদিন আগে শোনা গিয়েছে তার দেশে ফেরার খবর। কিন্তু শেষ পর্যন্ত ঋষি নিজেই জানিয়ে দিয়েছেন চলছে শেষ পর্যায়ের চিকিৎসা। তাই এখনই দেশে ফেরার সম্ভাবনা নেই। 

দেশ থেকে দূরে থাকলেও, ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে যোগাযোগ রেখে চলেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে ঋষি কাপুর বলেছেন, ‘হিন্দি ছবির জগতে ৪৫ বছর কাটিয়ে ফেললাম। এতগুলো বছরে এমন দীর্ঘ সময়ের ব্রেক কখনও নিইনি। এখন মনে হয়, কিছু কিছু সিদ্ধান্ত ঈশ্বর স্বয়ং আপনার জন্যে নেন। গত সাড়ে ন’মাসে একবারও প্লেনে উঠিনি। নিউ ইয়র্কের বাইরেও যাইনি।’
 
ক্যানসার চিকিৎসায় অনেকটা পথ পেরিয়ে এসেছেন। কিন্তু প্রথম যখন জানতে পারলেন, কী মনে হয়েছিল ঋষি কাপুরের? কী ভেবেছিলেন তিনি?
 
সোজাসাপটা ঋষি জানালেন, ‘রিঅ্যাক্ট করার কোনও সুযোগই পাইনি। তখন দিল্লিতে এক নতুন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আমি। সবে ৬ দিনের কাজ হয়েছে। হঠাৎই এক পারিবারিক বন্ধুকে সঙ্গে নিয়ে সেটে এসে হাজির হল রণবীর। প্রযোজকদের সঙ্গে কথা বলে সবটা বোঝাল। সন্ধ্যার মধ্যে আমাকে উড়িয়ে আনা হল মুম্বাই। আর তার ঠিক পরেই পাড়ি দিলাম নিউ ইয়র্কের উদ্দেশে। সত্যি বলতে কি রণবীর প্রায় জোর করেই আমাকে সেদিন প্লেনে উঠিয়েছিল। ধীরে ধীরে সত্যিটাকে মেনে নিয়েছিলাম।’ 
 
সূত্র: টাইমস অব ইন্ডিয়া