২১ জুলাই সিডনীতে মুক্তি পেয়েছে ‘তেরাহবিন’। অস্ট্রেলিয়ান নির্মাতা বৈভব ভাট পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অভিনেত্রী রূপন্তি আকিদ। ছবিটির কাজ শুরু হয় ২০১৭ সালে। দীর্ঘ নির্মাণ প্রক্রিয়া শেষে ছবিটি মুক্তি পেল এ মাসে। ছবিটি মুক্তি পেয়েছি সিডনি কেন্দ্রিক সিনেমা প্রেক্ষাগৃহগুলোতে। এটি একটি বিদ্রূপাত্মক, একই সঙ্গে হাস্যরসাত্মক ছবি।
জানা যায়, একটি হিন্দু পরিবারের গল্প নিয়ে আবর্তিত হয়েছে ছবির কাহিনি। রিতু নামের এক মেয়ে মারা যায়। এরপর অন্তেষ্টিক্রিয়ার প্রক্রিয়া শুরু হয়। শোক প্রকাশের শেষ দিনকে কেন্দ্র করে পুরো গল্পটা আবর্তিত হয়েছে। রূপন্তিকে দেখা যাবে এক দুঃখী মেয়ে হিসেবে। তার চরিত্রের নাম জেসি। জেসির বোন রিতু মারা গেছে। স্বাভাবিকভাবেই সে দুঃখী। একটি শোকাহত পরিবারে ঘর ভর্তি মানুষ। এখানে সেখানে সেখানে মানুষ জন। কিন্তু কারও চোখেমুখে শোক নেই। শোকের বদলে চেহারার ভাঁজে ঘুরে বেড়ায় নানা উদ্দেশ্য। অথচ ঘরভর্তি শোক থাকার কথা ছিল। রিতুর মৃত্যুতে ভেঙে পড়া জেসি শোকগ্রস্তের মধ্যেও বিস্মিত হয়। এত মানুষ এসেছে রিতুর অন্ত্যেষ্টিক্রিয়ায় কিন্তু তারা এমন কেন? রিতুর চরিত্রে অভিনয় করেছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় অভিনেত্রী কার্মা শ্যারন।
এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জ্যাসপার মুসগ্রেভ, নিলেন্দ্র ফোনসেকাসহ প্রায় ৩০ জন অভিনেতা-অভিনেত্রী ছবিতে কাজ করেছেন।
এর আগে রূপন্তি বেশ কয়েকটি বাংলাদেশি নাটকেও অভিনয় করেছেন। এর মধ্যে মাহফুজ আহমেদের ‘হ্যালো বাংলাদেশ’ ও ‘কেবলই রাত হয়ে যায়’, সকাল আহমেদের ‘তাহার নাম শকুন্তলা’, সাগর জাহানের ‘আংটি’ সহ বেশ কিছু নাটকে কাজ করেছেন রূপন্তি।