মাদারীপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদারীপুরে ৩ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ নীপা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৮।

বুধবার সকালে কালকিনি উপজেলার জুরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নীপা বেগম (৪০) জুরগাঁও এলাকার এসাহাক হাওলাদারের স্ত্রী।

র‌্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নীপা বেগমের বাড়িতে অভিযান চালানোর সময় সে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে কাপড়ে মোড়ানো একটি ব্যাগ থেকে ৩ হাজার ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদারীপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে কালকিনি থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল নীপা বেগম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী মাদক বিক্রির কথা স্বীকার করেছে।

ওই নারীকে ইয়াবাসহ কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১০ লাখ টাকার বেশি।