পাকিস্তানে এখনো ৪০ হাজার সন্ত্রাসী আছে : ইমরান খান

পাকিস্তানে এখনো ৩০-৪০ হাজার সন্ত্রাসী থাকার কথা দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান স্বীকার করেছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

যুক্তরাষ্ট্র সফররত ইমরান খান এক অনুষ্ঠানে দাবি করেন, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আমার পূর্ববর্তী সরকারের কোনো ইচ্ছে ছিল না। যদি জঙ্গিগোষ্ঠীর ব্যাপারে কথা বলতে চান, তবে আমি বলব আমাদের দেশে এখনো ৩০-৪০ হাজার জঙ্গি অবস্থান করছে; যারা আফগানিস্তান কিংবা কাশ্মীর থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে।

তিনি আরও বলেন, ‘২০১৪ সালে পাকিস্তানি তালেবানরা সেনাবাহিনী পরিচালিত একটি বিদ্যালয়ের ১৫০ স্কুলশিক্ষার্থীকে হত্যা করে। সে সময় সব দলই জাতীয় পদক্ষেপ পরিকল্পনায় স্বাক্ষর করেছিল এবং আমরা ঠিক করেছিলাম পাকিস্তানে কোনো জঙ্গিগোষ্ঠীকেই কার্যক্রম পরিচালনা করতে দেওয়া যাবে না।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, তার সরকারই সর্বপ্রথম সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তিনি বলেন, আমরা তাদের প্রতিষ্ঠান জব্দ করি। অস্ত্র নিয়ে নিই। আমাদের প্রশাসকরাই এখন সেখানে কাজ করছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের পাকিস্তানবিষয়ক কমিটির চেয়ারপারসন শিলা জ্যাকসন লি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ইমরান খান। তিনি বলেন, পাকিস্তানে আমার মতো অনেক মানুষ আছে যারা নিজের জীবন নিয়ে শঙ্কায় থাকে।