মুক্তিযোদ্ধার জাল সনদ

সোনালী ব্যাংকের সাবেক ডিজিএমের বিরুদ্ধে দুদকের মামলা

মুক্তিযোদ্ধার জাল সনদে চাকরি নিয়ে সোনালী ব্যাংকের ১ কোটি ৫০ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রদীপ কুমার শর্মার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) ঢাকা-১-এ মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম।

অভিযোগে বলা হয়, প্রদীপ কুমার শর্মা মুক্তিযোদ্ধা হিসেবে ১৯৯৪ সালের ১০ জুলাই সোনালী ব্যাংকে যোগদান করেন। অবসরের আগ পর্যন্ত বেতন ও বিভিন্ন ভাতা বাবদ ৮৫ লাখ ৪৪ হাজার ৩১৭ টাকাসহ তার নেওয়া ১ কোটি ৫০ লাখ ৬৬ হাজার ৮৪ টাকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ২৪তম সভার সিদ্ধান্তের শর্তানুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে ফেরতযোগ্য। এছাড়া প্রদীপ কুমার শর্মা মুক্তিযোদ্ধা হিসেবে সুনির্দিষ্ট দালিলিক প্রমাণ দাখিল করতে পারেননি। ফলে তার বিরুদ্ধে আনীত ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় কমিশন তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়।