গত ২০০২ সালে ঢাকার কেরানীগঞ্জে গুলি করে দুজনকে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চাঁন মিয়া ওরফে চান্দুর (৫৫) ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।
বুধবার রাত ১০টা ১ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁন মিয়া ওরফে চান্দু মাদারীপুরের শিবচর থানার ৮নং চর এলাকার মৃত অকিল শিকদারের ছেলে। ওই সময় তিনি কেরানীগঞ্জ থানার রহমতপুর এলাকার থাকতেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জানান, চাঁন মিয়া ওরফে চান্দু কেরানীগঞ্জে আমির আবদুল্লাহ হাসান ও সেন্টু মিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল। তার মামলা নং ৩৭(০২)০২ ধারা ৩০২/৩৪।
তিনি জানান, মামলার সকল কার্যক্রম শেষ হওয়ায় ফাঁসিতে ঝুলিয়ে রাত ১০টা ১ মিনিটে তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে। ২০০৪ সাল থেকে চাঁন মিয়া ওরফে চান্দু এ কারাগারে বন্দি ছিলেন।
উল্লেখ্য ২০০২ সালের ১৬ ফেব্রুয়ারি কেরানীগঞ্জে আমির আবদুল্লাহ হাসান ও সেন্টু মিয়াকে প্রকাশ্য গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়।