মেয়ের বিয়ের জন্য প্যারোলে মুক্ত রাজীব গান্ধী হত্যার সাজাপ্রাপ্ত আসামি

ভারতের সাবেক প্রধানমন্ত্রী  রাজীব গান্ধী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নলিনী শ্রীহরণকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। মেয়ের বিয়ে উপলক্ষে বৃহস্পতিবার ভেলোর জেল থেকে এক মাসের জন্য তিনি মুক্তি পান।

এনডিটিভি জানায়, মেয়ে মেগারার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে  নলিনী শ্রীহরণকে এক মাসের জন্য কারাবাস থেকে রেহাই দেওয়া হয়েছে। জেল থেকে বের হয়েই তিনি নিজের বাড়ি গেছেন।

এই এক মাস তিনি ভেলোরের বাইরে যেতে পারবেন না। এই সাময়িক মুক্তির সময়কালে কোনো রাজনৈতিক নেতা বা সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গেও কথা বলতে পারবেন না তিনি।

নলিনীর মেয়ে যুক্তরাজ্যে ডাক্তারি পড়ছেন। বিয়ে করতে আগামী সপ্তাহে তিনি দেশে ফিরবেন। পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দিতে নলিনীকে এই সাময়িক মুক্তি দেওয়া হয়।

গত ২৮ বছরে এই প্রথমবার জেলের বাইরের আলো বাতাস দেখার সুযোগ মিলছে রাজীব গান্ধী হত্যার সাজাপ্রাপ্ত এই আসামির।

তবে এর আগে গত বছর তার বাবার শেষকৃত্যে যোগদানের জন্য মাত্র একদিন প্যারোলে মুক্তি মিলেছিল নলিনীর। তার স্বামী মুরুগানও ওই একই জেলে যাবজ্জীবন সাজা ভোগ করছে।

প্রাথমিকভাবে রাজীব গান্ধীর হত্যাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে নলিনীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে রাজীবের স্ত্রী কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর হস্তক্ষেপে তার মৃত্যুদণ্ডের সাজা বদলে যাবজ্জীবন করা হয়। সে জন্ম জেলে থাকা অবস্থাতেই মেয়ে মেগারার জন্ম হয়।