মোদিকে চিঠি লেখার পর খুনের হুমকি পেলেন অভিনেতা

সম্প্রতি ভারত জুড়ে বেড়ে চলা অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন দেশটির ৪০০ বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সেই চিঠিতে স্বাক্ষর করেছিলেন পশ্চিমবঙ্গের সিনেমা ও নাটকের পরিচিত মুখ কৌশিক সেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এর কয়েক ঘণ্টার মধ্যেই কৌশিককে দেওয়া হলো খুনের হুমকি।

সারা ভারতে বাড়ছে গণপিটুনির ঘটনা। বাড়ছে বিদ্বেষ। বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে এমন কথাই বলেন অভিনেত্রী-নির্মাতা অপর্ণা সেন।

এরপর অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লেখেন বিশিষ্টজনেরা। সেখানে সাহিত্য, সিনেমা, সংগীত জগতের একাধিক ব্যক্তিত্ব থেকে বৈজ্ঞানিক, ইতিহাসবিদসহ ৪০০ জন স্বাক্ষর করেন। পশ্চিমবঙ্গ থেকে অপর্ণা সেন, কৌশিক সেন, অনুপম রায়, রূপম ইসলামসহ বেশ কয়েকজন ছিলেন তালিকায়।

সাংবাদিক সম্মেলনে অপর্ণা সেন জানান, ভারতের সংবিধানে বাক্‌স্বাধীনতা স্বীকৃত। সরকারের বিরুদ্ধাচরণ মানে এই নয় সে দেশদ্রোহী। এক দেশের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে। বরং সুস্থ গণতন্ত্রের রাষ্ট্রে প্রতিবাদের ভাষা থাকে।

এরপরই বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ বলেন, “বিশিষ্টরাই তো প্রকৃত দেশদ্রোহী।” এমনকি ‘পরজীবী’ ও ‘চামচা’ বলেও কটাক্ষ করেন তিনি।

দিলীপের এই আক্রমণের পরই ফোনে খুনের হুমকি পেলেন কৌশিক। কলকাতা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন তিনি।