এক নারীর পাকস্থলীতে অস্ত্রোপচার চালিয়ে পাওয়া গেছে দেড় কেজি সোনা ও পয়সা। ভারতের পশ্চিমবঙ্গে এ ঘটনা ঘটে।
এনডিটিভি জানায়, বীরভূমের ওই নারী মানসিক ভারসাম্যহীন। ঘর থেকে স্বর্ণালংকার উধাও হয়ে যাওয়ায় তার মা সন্দেহ করলে বেরিয়ে আসে এই রহস্য।
মারগ্রাম থানা বাসিন্দা ২৬ বছর বয়সী ওই তরুণী স্বর্ণালংকার, পয়সা ও অন্যান্য জিনিস গিলে ফেলত। মানসিকভাবে অসুস্থ হওয়ায় এমনটা সে করত বলে জানা যায়।
রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সিদ্ধার্থ বিশ্বাস বলেন, “তার পেট থেকে ৯০টি ৫-১০ রুপির পয়সা বের করা হয়েছে। এ ছাড়া সোনার গলার চেইন, নাকফুল, কানফুল, হাতের বালা পাওয়া গেছে। এমনকি ঘড়িও গিলে খেয়ে ফেলেছে সে।”
ঘর থেকে স্বর্ণালংকার সহ নানা জিনিস হারিয়ে যেতে থাকলে ওই তরুণীর মা বিষয়টি প্রথম সন্দেহ করেন।
তিনি বলেন, “আমার মেয়ে মানসিকভাবে অসুস্থ। কিছুদিন আগে সে যে কোনো জিনিস ছুড়ে মারত। অলংকার খুঁজে না পেয়ে তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলেই দেখতাম সে কান্না জুড়ে দিত। তখন বিষয়টি সন্দেহ হলে তাকে হাসপাতালে নিয়ে আসি।”