আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার ডান হাঁটু ও কাঁধে অস্ত্রোপচার করানো হয়েছে। বুয়েনস আয়ার্সের একটি হাসপাতালে কিংবদন্তি এই ফুটবলারের সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত আইনজীবী।
মেক্সিকোর দ্বিতীয় সারির ক্লাব দোরাদোসের হয়ে কোচের দায়িত্ব পালন করছিলেন মারাদোনা। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নয় মাসের মাথায় দায়িত্ব ছেড়ে দেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক। মারাদোনার অস্ত্রোপচার সফল হয়েছে বলে টুইটারে জানিয়েছেন তার আইনজীবী মাতিয়াস মোরলা, “সবকিছু যথাযথভাবে হয়েছে।”
গত সেপ্টেম্বরে মেক্সিকোর ক্লাব দোরাদোসে কোচ হিসেবে নিয়োগ পান মারাদোনা। সমৃদ্ধ কোচিং ক্যারিয়ার থাকা সত্ত্বেও দ্বিতীয় সারির দলে তার নাম লেখানো অনেককে অবাক করেছিল।
তিন মাস আগে পাকস্থলিতেও অস্ত্রোপচার করাতে হয়েছে মারাদোনাকে। শরীরের রুটিন চেক-আপ করতে গিয়ে তার পাকস্থলিতে রক্তক্ষরণ ধরা পড়েছিল তখন।
খেলোয়াড়ী ক্যারিয়ারের পর ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন মারাদোনা। এক পর্যায়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন। দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিরে আসেন স্বাভাবিক জীবনে।