ফেসবুকে ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে সাংবাদিক আটক

ফেসবুকের মাধ্যমে ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সিএনএন বাংলার সাংবাদিক পরিচয়দানকারী আব্দুল আলিমকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। তার বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ জানান, পীরগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে সিএনএন বাংলা টিভি’র সাংবাদিক পরিচয়দানকারী আব্দুল আলিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাহায্যে ছেলে ধরার গুজব সৃষ্টি করার জন্য গত ২০ জুলাই পোস্ট দেয়। এতে এলাকায় ছেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অভিযোগে বুধবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ধারায় মামলা হয়েছে।

মামলার বাদি এস আই মঞ্জুরুল জানান, আতঙ্ক ছড়ানো অভিযোগে অভিযান চালিয়ে আলিমকে তার বাড়ি থেকে আটক করা হয়।