ইরানের জাহাজে তেল দিতে বাধ্য হচ্ছে ব্রাজিল সরকার

৫০ দিন ধরে বন্দরে আটকা পড়া ইরানের দুটি জাহাজে তেল সরবরাহ করতে বাধ্য হচ্ছে ব্রাজিল সরকার। দেশটির আদালত পেট্রোব্রাস তেল কোম্পানিকে জ্বালানি সরবরাহ করতে নির্দেশ দিয়েছে।

ইরানের ওই জাহাজ দুটি ইউরিয়া নিয়ে ব্রাজিলে গিয়েছিল। কিন্তু তেল ফুরিয়ে যাওয়ায় তারা ফিরতে পারছিল না। ওদিকে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ‘জাহাজ রাজনীতি’তে গা ভাসিয়ে ব্রাজিল তেল সরবরাহ করতে বেঁকে বসে।

ইরান ব্রাজিলকে বিষয়টি নিয়ে রীতিমতো হুমকি দিয়ে বলে, জ্বালানি না দিলে ব্রাজিলকে এর পরিণতি ভোগ করতে হবে।

রয়টার্স জানিয়েছে, ব্রাজিলের সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার সরকার নিয়ন্ত্রিত তেল কোম্পানি পেট্রোব্রাসকে দুই জাহাজে জ্বালানি সরবরাহের নির্দেশ দিয়েছে।

আটকা পড়া জাহাজ দুটির একটিতে রয়েছে খাদ্যশস্য। ব্রাজিল থেকে খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে অন্যতম প্রধান দেশ হচ্ছে ইরান।

বুধবার ইরানি রাষ্ট্রদূত সাইয়্যেদ আলী সকিয়ান ব্রাজিলের সরকারি কর্মকর্তাদেরকে বলেন, যদি জাহাজে তেল সরবরাহ করা না হয় তাহলে তেহরান সহজেই গম, সয়াবিন ও মাংসের জন্য নতুন সরবরাহকারী পেয়ে যাবে। বিষয়টির সমাধান ব্রাজিলের কর্মকর্তাদেরকেই করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।