লিবিয়ায় জাহাজডুবিতে শতাধিক শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

১৫০ জনের মতো উদ্ধার করা গেছে। নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, লিবিয়া উপকূলের এই জাহাজডুবিতে নিখোঁজদের জীবিত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

জাহাজটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির ১২০ কিলোমিটার পূর্বের শহর আল খোমস থেকে ছেড়ে এসেছিল। এতে প্রায় ৩শ’ মানুষ বোঝাই ছিল।

বেঁচে যাওয়া যাত্রীদের কাছ থেকে প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় জেলেরা এখন পর্যন্ত ১৫০ জন শরণার্থীকে উদ্ধার করেছেন এবং উপকূলরক্ষীরা তাদেরকে লিবিয়ায় ফিরিয়ে দিয়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

এ জাহাজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিশ্চিত হলে এ বছর এটিই হবে ভূমধ্যসাগরে শরণার্থী জাহাজডুবিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর ঘটনা।

লিবিয়া থেকে শরণার্থীরা ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রায়ই এমন দুর্ঘটনার শিকার হয়ে মারা যাচ্ছেন।