তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করে বলেছেন, রাজনৈতিকভাবে পরাজিত অপশক্তিরাই ছেলেধরা গুজব ছড়াচ্ছে। ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যাসহ সাম্প্রতিক যেসব হত্যাকা- ঘটছে তাতে গ্রেপ্তারকৃতদের ৭০ শতাংশের বেশি বিএনপি-জামায়াতের লোক বলেও অভিযোগ করেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেন।
হাছান মাহমুদ বলেন, যখন বাংলাদেশ পৃথিবীকে অবাক করে দিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে, তখন একটি মহল প্রচ-ভাবে হতাশ। তারা রাজনৈতিকভাবে আমাদের মোকাবিলা করতে ব্যর্থ হয়ে, জনগণ কর্র্তৃক প্রত্যাখ্যাত হয়ে নানা ধরনের হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং নানা ধরনের অপকৌশলের আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, অপকৌশলের অংশ হিসেবে রটিয়ে দেওয়া হলো সরকারি অনুমোদন নিয়ে নাকি পদ্মা সেতুতে শিশু বলি দিতে হবে। তাও একটি-দুটি নয়, এক লাখ শিশু। এমন একটি গুজব রটিয়ে দেওয়া হলো এবং সেই সূত্র ধরেই দেশে ছেলেধরা আতঙ্ক তৈরি করা হলো। তথ্যমন্ত্রী বলেন, এই গুজবের পরিপ্রেক্ষিতে কিছু আতঙ্ক সৃষ্টিকারী মানুষ আর কিছু দুষ্কৃতকারী বিভিন্ন স্থানে নিরীহ মানুষের ওপর হামলা করেছে। একজন নিরীহ মাসহ বেশ কয়েকজনকে হত্যা করেছে। এগুলো সব হত্যাকাণ্ড। এদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে। এদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
সভায় আরও অংশ নেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ সংগঠনটির অন্য নেতারা।