দক্ষিণ আফ্রিকা সফরে নিজেদের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং প্লেয়ার্স ওমেন দল। তিন ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডেতে ফিরিয়েছে সমতা।
শুক্রবার প্রিটোরিয়ায় দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে ৪ উইকেটে জয় তুলে নেয় নিগার সুলতানার নেতৃত্বাধীন দল। টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৩৮ রান করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং প্লেয়ার্স ওমেন। জবাবে ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
বল হাতে ৪ উইকেট নেন খাদিজা তুল কুবরা। ২ উইকেট নেন রিতু মনি। ব্যাট হাতেও রিতু ছিলেন উজ্জ্বল। ৪২ রান আসে তার ব্যাট থেকে। সর্বাধিক ৪৮ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন।
দক্ষিণ আফ্রিকা শুরুর তিন ব্যাটারের ব্যাটে ভালো ভিত পেলেও বাংলাদেশের মেয়েরা দারুণ ভাবে খেলায় ফেরে। ৯৬ রান করেন রবিন সার্ল। ৪৫ রান আসে তামজিন ব্রিটসের ব্যাট থেকে। তিন নম্বরে নেমে ৫৬ রান করেন ত্রিশা ছেট্টি।
বাংলাদেশেরে মেয়েদের শুরুটা ভালো ছিল না। প্রথম ওভারেই শারমিন সুলতানা বিদায় দেন দলীয় রানের খাতা খোলার আগেই। আরেক ওপেনার মুর্শিদা খাতুন টেনেছেন দলকে। চারে নেমে শায়লা শারমিন করেন ৩১ রান। শায়লা ও রিতু মনি রান আউট হয়ে কাটা পড়েন। তবে ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে ২০ রান। তিনিও রান আউট হন।
এরপর অধিনায়ক নিগার সুলতানা দলের জয় নিশ্চিত করেন সোবহানান মোশতারিকে সাথে নিয়ে। দুজনই ২৯ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন খাজিদা তুল কুবরা।